এবার ফুটবল বিশ্বকাপেও থাকছে পানি পানের বিরতি

ক্রিকেটে পানি পানের বিরতি নিয়মিত ঘটনা। প্রতিটি ম্যাচেই নির্দিষ্ট সময় পরপর এই বিরতি দেওয়া হয়। এবার ফুটবলেও দেখা যাবে এমন কিছু। উচ্চ তাপমাত্রা ও আবহাওয়াজনিত ঝুঁকি মাথায় রেখে ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচে বাধ্যতামূলকভাবে হাইড্রেশন ব্রেক রাখার ঘোষণা দিয়েছে ফিফা।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ওই সময় সেখানে উচ্চ তাপমাত্রা, বন্যা, দাবানল বা এমনকি হারিকেনের মতো চরম আবহাওয়ার সম্ভাবনা থাকে। তাই সকল দলের সমান শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতেই নতুন নির্দেশনা। আবহাওয়া যেমনই হোক না কেন, খেলোয়াড়দের সুরক্ষা ও শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি অর্ধের ২২ মিনিটে তিন মিনিটের বিরতি দেওয়া হবে।

‘পিচেস ইন পেরিল’ নামের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের ১৬টি ভেন্যুর মধ্যে ১০টিই চরম তাপমাত্রাজনিত ঝুঁকিতে রয়েছে। গত ক্লাব বিশ্বকাপে খেলোয়াড়েরা তাপমাত্রা নিয়ে ব্যাপক অভিযোগ করেছিলেন। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছিলেন, ‘তীব্র গরমে খেলতে গিয়ে মাথা ঘুরছিল।’ ইংল্যান্ডের বর্তমান কোচ টমাস টুখেলও সতর্ক করে বলেন, তীব্র গরমে তিনি সম্ভবত বদলি খেলোয়াড়দের ড্রেসিংরুমেই রাখবেন।

আগে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই কুলিং ব্রেক বাধ্যতামূলক ছিল। কিন্তু এবার আর তাপমাত্রা বিবেচনায় রাখা হবে না। প্রতিটি ম্যাচে দুই অর্ধেই নির্দিষ্ট সময়ে তিন মিনিটের বিরতি থাকবে। বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানোলো সুবিরিয়া জানান, ‘ভেন্যু যাই হোক, মাঠে ছাদ থাকুক বা না-ই থাকুক, প্রতিটি ম্যাচে উভয় অর্ধে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক হবে। রেফারির বাঁশি থেকে শুরু করে ঠিক তিন মিনিট পর্যন্ত চলবে এই বিরতি। যদি ওই সময় কোনো ইনজুরি জনিত খেলা বন্ধ থাকে, তাহলে রেফারি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।’