অ্যাশেজ সিরিজে টানা হারের পর আরেকটি বড় ধাক্কা খেল ইংল্যান্ড। বাঁ-হাঁটুর পুরনো চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠায় সিরিজের বাকি তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার মার্ক উড। পাঁচ ম্যাচ সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের জন্য এটি বড় হতাশার খবর।
পার্থে প্রথম টেস্টে মাত্র ১১ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন ৩৫ বছর বয়সী উড। এরপর বাম হাঁটুর চোটের কারণে ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি। গত মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পরে উডকে নিয়েই ছিল অনিশ্চয়তা, আর সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। অ্যাডিলেডে উডের পরিবর্তে দলে ডাকা হয়েছে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র টেস্ট খেলা পেসার ম্যাট ফিশারকে।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে উড লিখেছেন, ‘অ্যাশেজের বাকি অংশে থাকতে না পারায় আমি বিধ্বস্ত। সাত মাসের কঠোর রিহ্যাব আর সার্জারির পরও আমার হাঁটুটা সামলে উঠতে পারেনি। অস্ট্রেলিয়া সফরে এসেছিলাম বড় কিছু করার প্রত্যাশা নিয়ে। কিন্তু ইনজেকশন ও চিকিৎসা সত্ত্বেও চোটের অবনতি হওয়ায় আমাকে ছিটকে যেতে হলো। আমি এখনও বিশ্বাস করি আমরা পরিস্থিতি বদলে দিতে পারব। হার মানবে না ইংল্যান্ড।’
২০২৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন উড। সে বছর তিনি দলে ফেরার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডও ছন্দ ফিরে পেয়েছিল। এবার সেটা হচ্ছে না। আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট ইংল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে তাদের জিততেই হবে ম্যাচটি। ২০১০-১১ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড। এবার উডকে হারানো তাদের দুরবস্থা আরও বাড়িয়েছে।
উল্লেখ্য, কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে, হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসের চোটের কারণে অভিজ্ঞ পেসার জশ হেইজেলউডও পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে অ্যাডিলেড টেস্ট দিয়ে ফিরছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।
অনিয়মের অভিযোগে ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত
অ্যাশেজে ফিরছেন কামিন্স, আছে বড় দুঃসংবাদও
আইপিএল নিলামের চুড়ান্ত তালিকা থেকে বাদ সাকিব
বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে দল থেকে বাদ সালাহ