সুদানে বিমান বাহিনীর হামলায় নিহত ১৭০০

সুদানের বিমানবাহিনী দেশটির আবাসিক এলাকা, বাজার, স্কুল ও বাস্তুচ্যুতদের শিবির লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়েছে। এতে অন্তত ১ হাজার ৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ‘সুদান উইটনেস প্রজেক্ট’ বলেছে, ২০২৩ সালের শুরু হওয়া লড়াইয়ে সরকারি বাহিনী (এসএএফ) যেসব বিমান হামলা চালিয়েছে এবং তাতে হতাহতের ঘটনা ঘটেছেÑ সেসব তথ্য লিপিবদ্ধ করেছে তারা। তাদের বিশ্লেষণ দেখায়, বিমানবাহিনী জনবসতিপূর্ণ এলাকায় আনগাইডেড (নিয়ন্ত্রণহীন) বোমা ব্যবহার করেছে।

সুদান উইটনেস প্রজেক্ট শুধু যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানোর ঘটনাগুলো বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে। সুদানের সশস্ত্র বাহিনীর হাতে যুদ্ধবিমান আছে। কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী, আরএসএফের কাছে কোনো যুদ্ধবিমান নেই। এ বিষয়ে বিবিসি মন্তব্য জানতে চাইলেও সাড়া দেয়নি এসএএফ। তাদের দাবি, বিমান হামলা শুধু আরএসএফের সমাবেশ, অবস্থান ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হয়েছে। সুদান উইটনেস হলো সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্সের পরিচালিত একটি উদ্যোগ, যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রকাশের কাজ করে।