অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হওয়ার পর শূন্য তিনটি মন্ত্রণালয়ে বর্তমান তিন উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল। আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এতদিন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি তিনটি মন্ত্রণালয় সামলাবেন। আর সৈয়দা রিজওয়ানা হাসান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। এর মধ্যে মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
গত বুধবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে ওই দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগপত্র জমা দেন। গতকাল সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হয়েছে।