শীতে ৫ ধাপে ত্বকের যত্ন

শীতের সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ত্বকের যত্নে প্রয়োজন বাড়তি মনোযোগ। শীতে ত্বক থাকে কোমল, উজ্জ্বল ও সুরক্ষিত। তাই মাত্র ৫টি ধাপেই শীতে ত্বকের যত্ন নিতে পারেন।

শুরুতেই ত্বক পরিষ্কার

শীতে ত্বকের জন্যই ক্লিনজার জরুরি। কারণ এ সময় ধুলাবালি বেশি থাকে। ক্লিনজারের ধরন মাইল্ড ও জেন্টল হলে ভালো। শুষ্ক ত্বকের ক্ষেত্রে ক্রিম টেক্সচারের ক্লিনজার উপযুক্ত, যা স্কিনকে বেশি শুষ্ক অনুভূত করায় না এবং স্কিন ফ্লেকি হতে দেয় না। গ্লিসারিন, হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ ফেসওয়াশ স্কিনকে ক্লিন করার পাশাপাশি স্কিনকে হাইড্রেশন দেয়। এমন ফেসওয়াশ বেছে নিতে হবে, যেটি স্কিনের ন্যাচারাল অয়েল সরিয়ে ফেলবে না। যাদের অয়েলি স্কিন তারা জেল বেইজড ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। তবে স্যালিসাইলিক অ্যাসিড বেইজড ফেসওয়াশ ব্যবহার করলে প্রতিদিন ব্যবহার না করে অল্টারনেট ডে-তে ব্যবহার করুন, যেন স্কিন শুষ্ক হয়ে না যায়।

হাইড্রেটিং সিরাম দেওয়া

হাইড্রেটিং সিরাম শীতের ত্বকের জন্য খুবই উপকারি। যা ত্বকের আর্দ্রতা বাড়ায় এবং ত্বকে সতেজ রাখে। শীতকালে শুষ্ক ত্বক আরও বেশি আর্দ্রতা হারায়, এ জন্য শুষ্ক ত্বকের ক্ষেত্রে সিরামাইড ও পেপটাইড যুক্ত হাইড্রেটিং সিরাম ব্যবহার করা উচিত। পেপটাইড ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় আর সিরামাইড ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে। শীতের জন্য জরুরি এক্সফলিয়েটিং সিরাম যেমন স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড সপ্তাহে এক বা দুদিন ব্যবহার করা ভালো। সপ্তাহের অন্য দিনগুলোতে সিরামাইডযুক্ত সিরাম ব্যবহার করলে ত্বকের ময়েশ্চার ঠিক থাকবে।

ময়েশ্চারাইজার দিতেই হবে

শীতে ত্বক যেহেতু বেশি শুষ্ক হয়ে পড়ে, তাই সব ধরনের ত্বকের জন্য ভারী ময়েশ্চারাইজার প্রয়োজন। শুষ্ক ত্বকের জন্য শীতে শিয়া বাটার, কোকোয়া বাটার বা গ্লিসারিন সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকে সিরামাইড বা হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত ময়েশ্চারাইজার বেছে নিন, তবে যেন নন-কমেডোজেনিক হয়।

সানস্ক্রিনের ব্যবহার

শীতে কিন্তু কোনোভাবে সানস্ক্রিন স্কিপ করা যাবে না। অবশ্যই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। জেল সানস্ক্রিনের বদলে এ সময় বেছে নিন লোশন বা ক্রিম জাতীয় সানস্ক্রিন। সানস্ক্রিন ব্যবহারের পূর্বে ব্যবহার করতে পারেন ভিটামিন সি সিরাম। কারণ ভিটামিন সি টঠ  UV radiation-এর কারণে সৃষ্ট ফ্রি রেডিকেলকে নিউট্রালাইজ করে আর সানস্ক্রিন ত্বককে UV ray--এর ক্ষতি থেকে বাঁচায়। ভিটামিন সি ও সানস্ক্রিনের কম্বিনেশন আপনার ত্বককে হাইপারপিগমেন্টেশন, রিংকেলস, প্রিম্যাচিউর এজিং থেকে রক্ষা করে।

ঠোঁটের যত্ন

শীতে ঠোঁটের জন্য চাই বিশেষ যত্ন। ঠোঁটের যত্নে শুধু পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলেই হবে না। এক্ষেত্রে আগে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করে তারপর পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা উচিত। এ ছাড়া শীতে ঠোঁটের যত্নে লিপ বাম ব্যবহার করতে পারেন, যাতে শিয়া বাটার, কোকোয়া বাটার, আরগান অয়েল রয়েছে। ঠোঁটের মরা চামড়া দূর করতে লিপ স্ক্রাব ব্যবহার করতে পারেন। রোদ থেকে ঠোঁটের ত্বককে সুরক্ষা দিতে মিনিমাম spf 15 যুক্ত লিপবাম ব্যবহার করা ভালো।