কাকডাকা ভোর থেকেই হাঁকডাক শুরু হয়ে যায়। মহাসড়কের দুপাশে বাহারি রঙের ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন ফুলচাষিরা। কেউ ভ্যানে, কেউ বাইসাইকেলে, কেউবা মোটরসাইকেলের পেছনে করে নিয়ে এসেছেন এসব ফুল। দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ব্যবসায়ীরাও। চলতে থাকে জমজমাট দরকষাকষি। এ চিত্র যশোরের ঝিকরগাছার গদখালীর। বিজয় দিবসের আগমুহূর্তে জমজমাট হয়ে উঠেছে ফুলের এই রাজ্য।
এ মৌসুমে এই অঞ্চলে অন্তত ৩০০ কোটি টাকার ফুল বেচাকেনা হবে বলে আশাবাদী চাষি ও ব্যবসায়ীরা। পাশাপাশি গত কয়েক বছরের তুলনায় এবার তারা লাভবান হবেন বলেও জানিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে দেখা যায়, বাজার জুড়ে যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল। শীত উপেক্ষা করে ফুলচাষিরা রঙ-বেরঙের নানা জাতের ফুল বিক্রির জন্য এখানে নিয়ে এসেছেন।
ব্যবসায়ীরা জানান, প্রতি পিস গোলাপ ৮-১০ টাকায় বিক্রি হচ্ছে। জারবেরা প্রতি পিস ১০-১৫ টাকা, গ্লাডিওলাস প্রকারভেদে ১০-১৮ টাকা, চন্দ্রমল্লিকা প্রতি পিস দেড় থেকে আড়াই টাকা, রজনীগন্ধার স্টিক ৮-১২ টাকা, লাল কালার গাঁদা ৩০০ টাকা এবং হলুদ (বাসন্তী) গাঁদা প্রতি হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া জিপসি আঁটি ২০-৩০ টাকা, কামিনী পাতার আঁটি ৫০-১০০ টাকা এবং রথস্টিকের আঁটি ৫০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
হাড়িয়া এলাকার ফুলচাষি দেলোয়ার হোসেন জানান, এক বিঘা জমিতে তিনি গাঁদা ফুল চাষ করেছেন। এই সিজনে খরচ বাদ দিয়ে তিনি ২০ হাজার টাকা লাভ করবেন। অন্য গাঁদাচাষি কলাগাছি গ্রামের আবুল হোসেন জানান, গতকাল তিনি ৬০ হাজার পিস গাঁদা বাজারে নিয়ে এসেছেন। প্রায় ৫০ হাজার টাকার বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
হাড়িয়া গ্রামের ফুলচাষি রহমত আলী জানান, তার ২৪ কাঠার একটি গোলাপ বাগান রয়েছে, যার বয়স চার বছর। এ বছরও ভালো ফুল পেয়েছেন। ১৬ ডিসেম্বর উপলক্ষে শেষ সময়ে দামও ভালো পাচ্ছেন।
ফুলের পাইকারি ব্যবসায়ী মিকাইল হোসেন জানান, তিনি এখন থেকেই ফুল কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। বিজয় দিবসকে সামনে রেখে ফুলের বাজার ঊর্ধ্বমুখী। এবার অন্তত ছয়-সাত লাখ ফুল ক্রয় করে বিভিন্ন জেলায় পাঠাবেন। তবে চাহিদা আরও বাড়তে পারে বলে আশা করছেন তিনি।
গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সহসভাপতি মঞ্জুর আলম জানান, তাদের চাষিরা বিভিন্ন দিবসকে টার্গেট করে ফুল চাষ করেন। এবার বাজার রমরমা হয়ে উঠেছে। তারা মনে করছেন, এবার অন্তত ৩০০ কোটি টাকার ফুল এখানে বেচাকেনা হবে।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, মৌসুমের শুরু থেকেই ফুলের বাজার ধরতে ফুলচাষিরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন। ফুল চাষে ছত্রাকসহ যেকোনো ধরনের রোগবালাইয়ের সমস্যায় সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়। বাজার পরিস্থিতিও ভালো। আশা করা যায়, গদখালির চাষিরা এই মৌসুমে লাভবান হবেন।