কুমিল্লায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে চড়ের ভিডিও ফেসবুকে ভাইরাল

কুমিল্লায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় এক মাস হলেও ভিডিওটি শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ভাইরাল হয়। আদর্শ সদর উপজেলায় এক মাস আগে প্রকাশ্যে চড় মারার ওই ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ জিহাদ একই উপজেলার বাসিন্দা। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, স্কুলের পাশের সড়কে পাঁচজন শিক্ষার্থী দাঁড়িয়ে রয়েছেন। এদের একজনের সঙ্গে কথা বলছিলেন এক তরুণকে। তখন জিহাদ দৌড়ে এসে ওই শিক্ষার্থীকে চড় মারে। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরেকজন পুরো ঘটনা মোবাইলে ধারণ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, ঘটনা স্কুল প্রাঙ্গণের বাইরে ঘটেছে। শিক্ষার্থী প্রায় এক মাস বিষয়টি কাউকে জানায়নি। শুক্রবার ভিডিওটি নজরে আসার পরই বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা হয়েছে। অধ্যক্ষ বলেন, অভিভাবকদের সঙ্গে বৈঠক করে দ্রুত পরবর্তী করণীয় ঠিক করা হবে।

স্থানীয় এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্তরা এলাকায় শক্তিশালী এবং মেয়েদের বিরক্ত করে। তিনি বলেন, ঘটনাস্থল আমার দোকানের পাশেই। কতটা নিষ্ঠুর হলে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। শুনেছি অভিযুক্তের পরিবার প্রভাবশালী, তারা বিষয়টি চাপা দিতে চাইছে।

কুমিল্লা আদর্শ সদর ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেব।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনা জানার পর অভিযুক্তের বাবাকে ডেকে আনা হয়েছে। দুই পক্ষকেই থানায় হাজির হতে বলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী ও পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।