সংবাদ সম্মেলনে অভিযোগ

সিলেটে তাঁতী দলের নেতৃত্বে আওয়ামী দোসর

সিলেট মহানগর তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্ব চলে গেছে আওয়ামী দোসরের হাতে। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এমন একজনকে আহ্বায়ক করায় সাধারণ নেতাকর্মীরা হতাশ। তারা অবিলম্বে ত্যাগী এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ নেতাদের নিয়ে এই কমিটি পুনর্গঠনের জোর দাবি জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে সিলেটের একটি হোটেলের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন মহানগর তাঁতী দলের নেতারা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক ফয়েজ উল কয়েস। লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২২ সালের ২১ নভেম্বর আব্দুল গফফারকে সভাপতি ও ফয়েজুল কয়েসকে সাধারণ সম্পাদক করে গঠিত সিলেট মহানগর তাঁতী দলের কমিটিকে অনুমোদন দেয় কেন্দ্রীয় তাঁতী দল। এই কমিটি বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের রাজপথে সবসময় সোচ্চার ছিল। কমিটির নেতারা হামলা-মামলার শিকার হয়ে কারাবরণ করেও দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বর্তমানে সবাই সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকা অবস্থায় হঠাৎ ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মহানগর তাঁতী দলের ৬৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। সাবেক অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির স্থবিরতা ও অবহেলার কারণ দেখিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কমিটির আহ্বায়ক করা হয়েছে আওয়ামী লীগের দোসর বিতর্কিত কয়েস আহমদকে। আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে জসীম উদ্দিন এবং আমিনুল হক বেলালকে। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন জনৈক ফয়েজ আহমদ দৌলতের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। কিছু জানার থাকলে ওনার কাছ থেকে জেনে নিতেও বলেছেন তিনি।

ফয়েজুল কয়েস জানান, পূর্ণাঙ্গ কমিটি বহাল থাকা অবস্থায় কারও সঙ্গে কোনো যোগাযোগ না করে জনৈক ফয়েজ আহমদ দৌলতের অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন আগের কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেও তিনি তখন নিষ্ক্রিয় ছিলেন। তাকে কোন যোগ্যতায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তা বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে তিনি ঘোষিত আহ্বায়ক কমিটি স্থগিত করে বিভিন্ন ওয়ার্ড নেতাদের সমন্বয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর তাঁতী দলের সভাপতি আবদুল গফফার, সাংগঠনিক সম্পাদক রায়হাদ বকস রাক্কু, সহসভাপতি তাজউদ্দিন লিলু, ২৩ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি মো. মোজাহের আলী, ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. জালাল উদ্দিন, ১৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক এনাম খান, ১২ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হানিফ আহমদ প্রমুখ।

উপস্থিত নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, ঘোষিত কমিটির আহ্বায়ক কয়েস আহমদ আওয়ামী লীগের শুধু দোসরই নয়, তিনি যুবলীগ সন্ত্রাসী জাহাঙ্গীর আলমের ডান হাত ছিলেন। তারা অবিলম্বে এই আহ্বায়ক কমিটি স্থগিতের দাবি জানান।