তাইজুলকে টপকে আইসিসির নভেম্বর সেরা ভারতের ১৭ উইকেট শিকারী হার্মার

ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।

এই স্বীকৃতি পেতে হার্মার পেছনে ফেলেছেন বাংলাদেশের তাইজুল ইসলাম ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। ভারতের মাটিতে ঐতিহাসিক ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। ২০০০ সালের পর এটি ছিল ভারতে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট সিরিজ জয়।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় হার্মার বলেন, 'নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হওয়াটা আমার জন্য গর্বের। দেশের হয়ে খেলাটা আমার স্বপ্ন, আর এর সঙ্গে এমন স্বীকৃতি পাওয়া বাড়তি প্রাপ্তি। এই অর্জন আমি আমার সতীর্থ, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।'

দুই ম্যাচের সিরিজে হার্মার নিয়েছেন মোট ১৭ উইকেট। প্রথম টেস্টে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে ভারতের লিড সীমিত রাখেন ৩০ রানে। দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিয়ে ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ভারতকে ৯৩ রানে গুটিয়ে দেন, যা ২০১০ সালের পর ভারতের মাটিতে সাউথ আফ্রিকার প্রথম টেস্ট জয় নিশ্চিত করে।

দ্বিতীয় ম্যাচে আরও ভয়ংকর হয়ে ওঠেন হার্মার। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে দলকে ২৮৮ রানের লিড এনে দেন। পরে দ্বিতীয় ইনিংসে ৩৭ রান খরচায় ছয় উইকেট নিয়ে বোলিংয়ে ভারতকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে ৪০৮ রানের বড় জয় নিশ্চিত করেন।

মিরপুর টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন তাইজুল ইসলাম। রঙ্গনা হেরাথের সঙ্গে যৌথভাবে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ডও গড়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই দুর্দান্ত বোলিং করে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। এমন বোলিংয়ের পর আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় দৌড়ে মনোনয়ন পেয়েছিলেন তাইজুল।