কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা নিয়ে এতদিন পর্যন্ত মিথ্যা রচনা করা হয়েছে, আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনি লেখা হয়েছে এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। জামায়াতে ইসলামী ওই সময় যুদ্ধের বিরোধী ছিল না, তারা ছিল ভারতের বিরোধী। এখন আমরা এটা জেনেছি। এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।’
গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরে মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা জামায়াত আয়োজিত বিজয় র্যালিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত নেতা মুফতি আমির হামজা বলেন, ‘আজকের এই বিজয় র্যালি এ কারণে যে, আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের যে আগ্রাসন, এর বিরোধী ছিলাম এ কারণে আমাদের বিরোধী বানিয়ে রাখা হয়েছিল। আগামীর বাংলাদেশকে আমরা ভারতের তাঁবেদারমুক্ত করে স্বাধীনচেতা হিসেবে গড়ে তুলতে চাই, আজকের এই র্যালির এটাই উদ্দেশ্য। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘এদেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মনে হয়, পেছনের ইতিহাস পেছন দিকে টানা ঠিক নয়। পেছনের সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দল-মত না থাকাই ভালো, সবাই আমরা এক।’
এ সময় বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।