পিরোজপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা

প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহবানা জানাতে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, প্রযুক্তি - নির্ভর জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই যথেষ্ট নয়। সরকারি, বেসরকারি সংস্থা, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

জেলার এনজিও ব্যক্তিত্ব জিয়াউল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পিরোজপুরের অন্যতম এনজিও ব্যক্তিত্ব জিয়াউল আহসান।

এ সময় আরও বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, প্রেসক্লাব সহ-সভাপতি মো. খেলাফত হোসেন খসরু, এডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সাংবাদিক নাইম তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি এইচ এম জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে নারী ও কিশোরীরা অনলাইনে হয়রানি, ব্ল্যাক মেইল, সাইবার বুলিং ও মানহানির মত সহিংসতার শিকার হচ্ছেন, যা ভুক্তভোগীদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তারা ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের জন্য সহজ অভিযোগ ব্যবস্থাপনা, দ্রুত আইনি সহায়তা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন নারী প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে জেলা ও উপজেলা পর্যায়ের সচেতন নাগরিক, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ মোট ৪৬ জন অংশগ্রহণ করেন।