ওসমান হাদী হত্যা চেষ্টার আসামীকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহবায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদিকে গুলি করা প্রধান আসামীকে গ্রেফতারের দাবিতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয় প্রাঙ্গণে বিকেএমইএ'র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে মোট ৬ টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন।

স্বরাষ্ট্র উপদেষ্টার আগমনের খবর পেয়ে বিকেএমইএ’র কার্যালয়ের বাইরে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিকেলে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে ৭ দফা দাবি তুলে ধরেন। ২৪ ঘণ্টার মধ্যে হাদি ভাইকে গুলি করা মূল আসামিকে  গ্রেপ্তারের দাবি জানান। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় জুলাই আন্দোলনের মতো আবারো শিক্ষার্থীরা রাজপথে নেমে আসার হুশিয়ারি দেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। এগুলো অবশ্যই যৌক্তিক দাবি। হাদিকে গুলি করা ব্যক্তিকে আমরা আটক করতে না পারলেও আমরা ব্যবহৃত হাতিয়ার উদ্ধার করা হয়েছে।