অনেকে ইসলামী শাসন চায়, ইসলাম এত সহজ নয়: ছারছিনা পীর

ছারছীনা শরীফের পীর মাওলানা শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হুসাইন বলেছেন, আমাদের অনেকে এসি রুমে বসে, আরামে থেকে  হজরত ওমর (রা.)-এর মত শাসক হতে চায়। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকদের একজন। রাতের আঁধারে ঘুরে প্রজাদের খোঁজখবর নিতেন। অনেকে ইসলামী শাসন চায়, ইসলাম এত সহজ নয়।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন সুটিয়াকাঠি আলহাজ আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া, হাফেজিয়া মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ২২তম বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন।

ছারছীনা পীর বলেন, কাউকে ভোট দেওয়া ফরজ নয়। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা ফরজ। ইসলামের নামে যা খুশি তাই করা যাবে না। আমাদের সবাইকে নবী ও সাহাবায়ে কেরামের ত্বরিকায় চলতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক আকিদা ও আমলের ওপর থেকে এই দুনিয়ায় জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।

তিনি বলেন, শুধু সাইনবোর্ডে ইসলাম লিখলে ইসলাম হয় না। ইসলাম হতে হবে আমলে, ইসলাম হতে হবে আকিদায়। আল্লাহ সুদকে হারাম করেছেন, আর ব্যবসাকে হালাল করেছেন। অতএব যে ব্যক্তি সুদ খায় বা সুদকে হালাল মনে করে, তার সঙ্গে চলাও জায়েজ নয়। অথচ এক শ্রেণির মানুষ ইসলামের নামে, দ্বীনের নামে সুদকে হালাল করার চেষ্টা করছে। আমার কথায় কে খুশি হলো, কে বেজার হলো, তা দেখার সময় নেই। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই।