নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি নেবে বাংলাদেশ

বছর শেষে বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। নতুন বছরের ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপের আসর। আইসিসি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে না জানালেও বিসিবি জানিয়ে দিল নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল।

আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম বলেছেন, ‘আমাদের প্রস্তুতিটা আমরা খুব হিসেব করে সাজাচ্ছি। বিপিএলে যাদের খেলা আগে শেষ হয়ে যাবে, তাদের নিয়ে আগেভাগেই কাজ শুরু হবে। যারা শেষ চারে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়—তাদের আগেভাগেই প্রস্তুতির আওতায় আনতে চাই আমরা।’

আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল। এরপর ২৮ জানুয়ারি বেঙ্গালুরুর উদ্দেশে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে। বিপিএল শেষ হওয়ার পর হাতে সময় কম থাকায় ঘরের মাঠে লম্বা কোনো ক্যাম্প করার সুযোগ নেই বলে জানান ফাহিম, ‘বিপিএল শেষ হলেই দুই-তিন দিনের ছোট একটা ক্যাম্প হবে। এরপর ২৮ জানুয়ারি দল বেঙ্গালুরুতে যাবে। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলব আমরা।’

বিপিএলের মতো টুর্নামেন্টে টানা খেলার মধ্যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি। ফাহিম বলেন, ‘বোর্ডের একজন ট্রেইনার পুরো বিপিএল কাভার করবেন। জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ওয়ার্কলোড জিপিএসের মাধ্যমে মনিটর করা হবে। কেউ যদি রেড জোনে (অতিরিক্ত ওয়ার্কলোড) চলে যায়, তবে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানানো হবে যেন তাকে বিশ্রাম দেওয়া হয়। আমাদের ফিজিও ও ট্রেইনাররা নিয়মিত ফ্র্যাঞ্চাইজিগুলোর সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখবেন।’