সুব্রত বাইনের মেয়ে বীথি পাঁচ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বীথিকে যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মো. মাজহারুল ইসলাম বীথিকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক উভয় পক্ষের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ ডিসেম্বর খাদিজাকে কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে আটক করা হয়। পরদিন তাকে আরিফ সিকদার হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তবে মামলার মূল নথি ম্যাজিস্ট্রেট আদালতে না থাকায় সেদিন খাদিজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে ১৮ ডিসেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার মেয়ে খাদিজা মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। যুবদল নেতা আরিফকে তারা প্রতিপক্ষ মনে করতেন। এরই পরিপ্রেক্ষিতে তাদের পরিকল্পনায় আরিফকে হত্যা করা হয়। এ ঘটনায় আসামি খাদিজা জড়িত ছিলেন বলে তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির দি ঝিল ক্যাফের সামনে আরিফ সিকদারকে গুলি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মারা যান ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক। নিহতের বোন রিমা আক্তার সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় এ মামলাটি করেন।