আগামী চব্বিশ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিজয় হাজারে ট্রফির জন্য দিল্লি দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন রিশাভ পান্ত। একই সঙ্গে দলে রাখা হয়েছে বিরাট কোহলিকেও, যিনি টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে দিল্লির হয়ে খেলবেন। দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, দলে আছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা ও নভদীপ সাইনি।
গ্রুপ পর্বে দিল্লির মোট সাতটি ম্যাচ রয়েছে, যা চলবে চব্বিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারি পর্যন্ত। পান্ত ও কোহলি সব ম্যাচে খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ ১১ জানুয়ারি থেকে ভারতের ওয়ানডে সিরিজ শুরুর কথা আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজ শেষে দিল্লির দলে যোগ দেবেন হর্ষিত রানা।
দিল্লির প্রথম দুই ম্যাচ হবে অন্ধ্র ও গুজরাটের বিপক্ষে। দুটি ম্যাচই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই দলে সহ–অধিনায়ক হিসেবে রাখা হয়েছে আয়ুষ বাদোনিকে। পান্তের পাশাপাশি দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আছেন তেজস্বী দাহিয়া। প্রয়োজনে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে অনুজ রাওয়াতকে।
ব্যাটিং বিভাগে আরও আছেন যশ ধুল, প্রিয়াংশ আর্য, অর্পিত রানা, নীতিশ রানা, সার্থক রঞ্জন, দিবিজ মেহরা ও আয়ুষ দোসেজা। বোলিং আক্রমণে পেসার হিসেবে রয়েছেন সিমারজিৎ সিং ও প্রিন্স যাদব। স্পিন বিভাগে আছেন হৃতিক শোকিন, হর্ষ ত্যাগী ও বৈভব কান্ডপাল। অল-রাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন রোহন রানা।