নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির অভিযোগ, প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার পর ঘাতকের নিরাপদে পালিয়ে যেতে পারা প্রমাণ করে যে, অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
গতকাল সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় এমন কথা বলেন দলটির নেতারা। সভা থেকে অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, ওসমান হাদি হত্যাকা-কে কেন্দ্র করে কিছু সুযোগসন্ধানী উগ্র প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম আলো, ডেইলি স্টারসহ মূলধারার গণমাধ্যমে হামলা, সাংবাদিকদের পুড়িয়ে মারার হুমকি, উদীচী ও ছায়ানটের মতো প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় এবং নালন্দার মতো শিশুদের বিদ্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করা হয়।
সভায় আরও বলা হয়, ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে দেওয়ার বর্বর ঘটনা প্রমাণ করে যে, সরকার চলমান নৈরাজ্য দমনে ইচ্ছাকৃতভাবে শিথিলতা প্রদর্শন করছে। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার পেছনে সরকারের অভ্যন্তরীণ কোনো অংশের প্রশ্রয় রয়েছে কি না, সে বিষয়ে জনমনে গভীর আশঙ্কা তৈরি হয়েছে। এসব ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।
সভায় বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার, আমিনুল ফরিদসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।
বক্তারা বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করা অত্যন্ত জরুরি। একদিকে গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিতিতে উগ্র ডানপন্থি গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করছে, সমাজে বিদ্বেষ ও বিভাজন উসকে দিচ্ছে; অন্যদিকে পরাজিত স্বৈরাচারী শক্তিও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পাশাপাশি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তিও নিজস্ব স্বার্থে দেশে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে সভায় অভিযোগ করা হয়। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সিপিবি নেতারা।