বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। তবে, নির্বাচনটি যেন গ্রহণযোগ্য হয়।’ গতকাল রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদসংলগ্ন শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, শরিফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কারও কারও সহ্য হয়নি। সে কারণেই ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনাকে দমন করা যায় না; বরং তা আরও বিস্মৃত হয়।জামায়াত আমির বলেন, সরকার যা করছে, তাতে জনগণ এখনো সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, নির্বাচন ফেব্র“য়ারিতেই হোক, এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করে যাব। মূল কথা হলো নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে। এখানে যেন অন্য কিছু চিন্তা না করা হয়।