খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

গতকাল রবিবার বাদ আসর ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জিয়া মঞ্চ ফেনী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মদ সম্রাটসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া-৬ সদর আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন : বগুড়া-৬ সদর আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির সুফিয়ানের পাশাপাশি মনোনয়নপত্র নিলেন আবুল হাশেম বক্কর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ইতিপূর্বে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।

গতকাল রবিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নেপাল চন্দ্র দাসের কাছ থেকে আবুল হাশেম বক্করের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার একান্ত সচিব এস এম শহিদ ইকবাল।

চট্টগ্রাম-৯ আসনে প্রায় অর্ধডজন মনোনয়নপ্রত্যাশী থাকলেও গত ৪ ডিসেম্বর এ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে আবু সুফিয়ানের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত পুরোদমে নির্বাচনী প্রচারণা চালান তিনি। তফসিল ঘোষণার পর রিটার্নিং অফিসার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়।

একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র নেন। গতকাল রবিবার দুপুর ১টার দিকে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী এবং জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ।

নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ : নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে তার পক্ষে নেতারা জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. আব্দুল ছালামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, সদস্য সচিব সৈয়দ তাকিউর রহমান, নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তবিবুর রমান মনু ও নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা শফিউল্লাহ। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির সাবেক উপমন্ত্রীর ছেলে রিপনের মনোনয়ন ফরম সংগ্রহ : মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছেলে ইফতেখারুল আলম রিপন। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নিজাম।

এদিকে, মুন্সীগঞ্জের এ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। তিনিও এদিন বিকেল ৪টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কামরুজ্জামান রিপন নিজেই উপস্থিত হয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

অন্যদিকে, এ আসনে দলের মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের ভাতিজা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছেলে রিপনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আব্দুল হাই পাঁচবারের বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন।

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন ফরম নিলেন আজীবন বহিষ্কৃত বিএনপি নেতা সাক্কু : কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত এই নেতা গতকাল রবিবার দুপুরে তার প্রতিনিধিদের মাধ্যমে মনোনয়ন ফরম নেন।

সাক্কুর পক্ষে বিএনপি নেতা নবী নেওয়াজ, বাপ্পী ও কবির মজুমদার রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম নেওয়ার বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, ‘মনোনয়ন ফরম নিয়ে রেখেছি। নির্বাচনের প্রস্তুতি আছে। প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ করেছি, তবে জমা দেব নিজে গিয়ে।’ তিনি আরও জানান, আপাতত তিনি দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষেই মাঠে কাজ করছেন।

গাজীপুরে ৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রবিবার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মনজুরুল করিম রনিসহ ৮ জন এমপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন গাজীপুর-১ আসনে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ও মো. আতিকুর রহমান। গাজীপুর-২ আসনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী এম মনজুরুল কবি রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা এম এ হানিফ সরকার এবং জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়নপত্র না নিলেও তারা সিডি সংগ্রহ করেছেন। এ ছাড়া গাজীপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রফেসর আবুল হাসেম ও মেজর (অব.) সফিউল্লাহ মিঠু।

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের হাত থেকে তারা এ মনোনয়পত্র সংগ্রহ করেন।