চট্টগ্রাম ভিসা কেন্দ্র পরিস্থিতির উন্নতি হলে খুলবে

নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে চট্টগ্রামে বন্ধ করে রাখা ভারতীয় ভিসা কেন্দ্র খুলে দেওয়া হবে। বাংলাদেশে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল সোমবার ঢাকায় এ আভাস দেন।

ঢাকার যমুনা ফিউচার পার্কে ভিসা কেন্দ্র পরিদর্শনে এসে হাইকমিশনার বলেন, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে থাকা ভারতীয় সব ভিসা কেন্দ্র (আইভ্যাক) সম্পূর্ণভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রণয় ভার্মা বলেন, চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও মানবিক বিবেচনায় চিকিৎসাসহ জরুরি ভিসাসেবা চালু রাখতে হাইকমিশন সচেষ্ট রয়েছে। নিরাপত্তাজনিত কারণে গত সপ্তাহে ঢাকার ভিসা কেন্দ্র একদিনের জন্য বন্ধ রাখা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা পুনরায় চালু করা হয়। ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীর ভিসা কেন্দ্র চালু আছে। তবে চট্টগ্রামের ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রয়েছে।

কতিপয় দুষ্কৃতকারী গত ১৮ ও ১৯ ডিসেম্বর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে পাথর নিক্ষেপের পর নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

ঢাকা ভিসা কেন্দ্র পরিদর্শনের সময় কেন্দ্রের কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, বিপুল পরিমাণ জাল নথি জমা পড়ছে। দালাল ও মধ্যস্বত্বভোগীরা সার্ভার হ্যাকের চেষ্টা করে কৃত্রিম চাপ সৃষ্টি করছে। এতে প্রকৃত আবেদনকারীরা ভিসার বৈধ অ্যাপয়েন্টমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন।

হাইকমিশনার এ বিষয়গুলো বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ^াস দেন। তিনি আবেদনকারীদের সঙ্গে কথা বলেন এবং দালাল এড়িয়ে চলা ও বৈধ প্রক্রিয়া অনুসরণের অনুরোধ জানান।