গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার সন্ধ্যায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আল মামুন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে গতকাল সোমবার তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই আওয়ামী লীগ নেতার নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আল মামুন জানান, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হন ওয়াসিকুর রহমান। গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়। ওই মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে তাকে হেফাজতে নিতে রবিবার বিকেলে পুলিশের একটি দল কারাগারে আসে। পুলিশের কাছে হস্তান্তরের জন্য কারাগারের অফিস কক্ষে এনে (ভর্তি শাখায়) চেয়ারে বসানো হয়। এ সময় হঠাৎ চেয়ার থেকে ঢলে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাশের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার লাশ গতকাল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।