রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া বার্তায় পুতিনের নাম উল্লেখ না করলেও; তার প্রতি ইঙ্গিত করে মৃত্যু কামনা করেন তিনি। একই সঙ্গে দেশবাসীর প্রতি শান্তির জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি। নিজের শুভেচ্ছা বার্তায় জেলেনস্কি বলেন, আমাদের জন্য রাশিয়া এতে দুর্ভোগ বইয়ে আনলেও, তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল ও সেখানে বোমা হামলা করতে পারেনি। তা হলো ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ঐক্য। সরাসরি নাম উচ্চারণ না করে পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেছেন, আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, তার মৃত্যু হোক। বড়দিনের আগমুহূর্তে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে তিনজন নিহত ও বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বড়দিনের আগে এমন হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, ক্রিসমাসের আগের সন্ধ্যায় রাশিয়া আবারও দেখিয়েছে সত্যিকার অর্থে তারা কারা। রাশিয়া ব্যাপক বোমাবর্ষণ করেছে। শত শত ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, কিনঝাল মিসাইল দিয়ে হামলা চালিয়েছে সবকিছু ব্যবহার করেছে। ধর্মহীনরা এভাবেই আঘাত হানে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনার খসড়াও দিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপের পক্ষ থেকে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তার প্রস্তাব দেওয়া হয়েছে। দনবাস একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়টিও উল্লেখ করেছেন খসড়ায়। জেলনস্কি জানান, শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে ইউক্রেন দেশের পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে প্রস্তুত থাকতে পারে। তবে শর্ত হলো রাশিয়াকেও একইভাবে সেনা প্রত্যাহার করতে হবে এবং ওই অঞ্চলকে আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে একটি নিরস্ত্রীকৃত অঞ্চলে পরিণত করতে হবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। এ সময়ে ইউক্রেনের ২০ শতাংশ অঞ্চল দখল করেছে রাশিয়া।