কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের একটি গ্রামে মধ্যরাতে ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. পরান ইসলাম (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
গত শুক্রবার রাতে পরান কে আসামি করে মুরাদনগর থানায় এ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। অভিযুক্ত মো. পরান ইসলাম উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকার বাড়ির মো. সেলিম মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামী মো. পরান ইসলাম আগে থেকেই কিশোরীর বাড়ীর আশে পাশে ঘোরাফেরা করতো এবং কিশোরীকে উদ্দেশ্যে করিয়া বিভিন্ন কথাবার্তা বলে প্রেমের প্রস্তাব দিতো। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে যায় কিশোরী। পরে সে ঘরে ফিরে ঢুকতেই আগে থেকেই ঘরে প্রবেশ করে থাকা পরান কিশোরীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে কিশোরী চিৎকার করার সুযোগ পেলে পাশের কক্ষে থাকা তার দাদাকে ডাক দেয়। এ সময় অভিযুক্ত যুবক দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা এসে কিশোরীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, এবিষয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তনাধীন আছে।