অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন। গতকাল শনিবার তিনি তার পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। গতকাল রাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার একজন আইন কর্মকর্তা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ রবিবার অ্যাডভোকেট আসাদুজ্জামানের পদত্যাগপত্র আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় হয়ে পদত্যাগপত্র যাবে রাষ্ট্রপতির কাছে।
এদিকে গতকাল রাতে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন অ্যাডভোকেট আসাদুজ্জামান।
গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ওই বছরের ৮ আগস্ট নিয়োগ পান আসাদুজ্জামান।
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের আগে অ্যাডভোকেট আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। এ দুই পদ থেকে পদত্যাগ করে তিনি অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন। নির্বাচনকে কেন্দ্র করে তিনি আরও আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করে ১৯৯৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।