বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের (৩১ ডিসেম্বর ২০২৫) পর তার রুহের মাগফিরাত কামনায় সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলাতেও বিভিন্ন ইউনিয়নে আলাদা আলাদা ভাবে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় বাগাতিপাড়া উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবী জানাজায় ইমামতি করেন হাফেজ মো. রফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. নেকবর হোসেন, ১নং পাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক তবিবুর রহমান, সাবেক সম্পাদক এমদুল হক দুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সেন্টু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, পাঁকা ইউনিয়ন যুবদলের সভাপতি ইমদাদ সোহেন, ইউনিয়ন সহ-সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় মুসলি ও সাধারণ জনগণ জানাজায় অংশগ্রহণ করেন।জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক অনন্য নেত্রী ছিলেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।