নিজেদের পারমাণবিক স্থাপনার বিষয়ে একে অপরের সঙ্গে তথ্য বিনিময় করেছে চিরবৈরী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। এর পাশাপাশি জেলবন্দিদের তথ্যও বিনিময় করেছে দেশ দুটি। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, একই সময়ে এ তথ্য আদান-প্রদান করা হয়েছে। পারমাণবিক অবকাঠামোর তথ্য আদান-প্রদানের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ীই কাজটি করা হয়েছে।
সামা নিউজ জানিয়েছে, চুক্তিটিতে পাকিস্তানের হয়ে স্বাক্ষর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো; আর ভারতের হয়ে স্বাক্ষর করেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এ চুক্তির লক্ষ্য ছিল স্পর্শকাতর স্থানগুলোকে সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে রক্ষা করা। কোথায় কোথায় পারমাণবিক অবকাঠামো আছে সেটি জানিয়ে মূলত সতর্ক করে দেওয়া হয় যেন দ্বন্দ্ব শুরু হলে এসব জায়গায় হামলা না চালানো হয়। এ ছাড়া ২০০৮ সালের একটি চুক্তি অনুযায়ী জেলবন্দীদের তথ্য বিনিময় করে দুই দেশ।