সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে বিকল্পরাই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার কারণে ওই তিন আসনের জন্য আগে থেকে মনোনীত বিকল্প প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
খালেদা জিয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। অবশ্য তার অসুস্থতার কারণে এই তিন আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন পেয়েছিলেন। এর মধ্যে ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির মনোনয়ন পেয়েছেন।
নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা বা দলের প্রার্থীর বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘আইনে সে সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারত। কিন্তু এখন সে পরিস্থিতি নেই। বাছাইয়ের আগেই তিনি নেই (মারা গেছেন)। আইনগতভাবে, লিগ্যাল এনটিটি হিসেবে তিনি আর বিদ্যমান নন। সেজন্য তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। সে ক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায়, বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হবে, তাই তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো আইনি সুযোগ নেই।’
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থার বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমান একজন রাজনৈতিক নেতা। জাতির স্বার্থে তাকে শক্ত মনোবল ধরে রাখতে হবে, এ ক্ষেত্রে কোনো বিকল্প নেই। যত শোকই থাকুক, তাকে দৃঢ় থাকতে হবে।’
খালেদা জিয়া প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের নেত্রী আর নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। জানাজায়, যারা ঢাকায় আসতে পারেননি, তারাও গায়েবানা জানাজায় শরিক হয়েছেন। সারা পৃথিবীর মানুষের অংশগ্রহণে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ জানাজা এ কথা প্রতিষ্ঠিত হয়েছে। কত মানুষ তার জানাজায় শরিক হয়েছেন, তার পরিসংখ্যান হয়তো ভবিষ্যতে আলাদাভাবে তুলে ধরা যাবে। কারণ, শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ জানে ও বিশ্বাস করে গণতন্ত্রের লড়াই-সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কীভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারেন, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন।’
সালাহউদ্দিন বলেন, ‘খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন; তিনি সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সব দলমতের ঊর্ধ্বে নিজেকে তুলতে পেরেছেন এবং এ দেশের মানুষ, এ দেশের সবাই তাকে সেই মর্যাদায় আসীন করেছেন। এটাই আমাদের জাতীয় জীবনের প্রাপ্তি। অন্যদিকে আমরা যে তাকে হারালাম সেই বেদনা, সেই শূন্যতা কখনোই পূরণ হবে না।’