শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় সেই ওষুধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ওষুধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকি বিকাশের এজেন্ট খোকন দাস। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় চালায়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে তার শরীরে ক্ষতস্থানে অস্ত্রপচার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার সোহাগ খান (২৭) রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদারের (২৫) বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। এদিকে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে খোকন দাস মারা যান। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন, আমরা ইতিমধ্যে তার স্বজনদের কাছ থেকে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।