শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা জানান, আগামী কয়েক দিন এই কর্মসূচি চালিয়ে যাবেন। দাবি আদায় না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হতে পারে। গতকাল শনিবার বিকেলে দলটির নেতাকর্মীরা একটি ট্রাকে চড়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করেন। মার্চ ফর ইনসাফ কর্মসূচি ফার্মগেট থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয়।
সন্ধ্যার পর থেকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগে অবস্থান গ্রহণ করে বিক্ষোভ করতে থাকেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ না হলেও কিছুটা স্থবির হয়ে পড়ে। সর্বশেষ রাত সাড়ে ৯টায় তাদের শাহবাগ মোড়ে অবস্থান করতে দেখা যায়।
এ সময় সংগঠনের প্রকাশনাবিষয়ক সম্পাদক ফাহিম রহমান বলেন, আগামী ৭ তারিখ হাদি হত্যাকা-ের চার্জশিট দাখিলের আগপর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এর মধ্যে ৪ দফা দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বসবে ইনকিলাব মঞ্চ। সেখান থেকেই বড় আন্দোলনের ঘোষণা আসতে পারে।
এর আগে, গত শুক্রবার মার্চ ফর ইনসাফ ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি সারা দেশে চলবে। আগামী ৭ জানুয়ারির মধ্যে হত্যাকা-ে জড়িতদের শনাক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি পূরণ না হলে ৭ জানুয়ারির পর থেকে আরও কঠোর ও চূড়ান্ত আন্দোলন শুরু করা হবে। ২২ কর্মদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনের দিকেও যেতে বাধ্য হবেন তারা।