পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘সবার সঙ্গেই আমাদের কূটনীতিক সম্পর্ক ভালো রাখার চেষ্টা রয়েছে। বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। নির্বাচন নিয়ে চাপের কোনো প্রশ্ন নেই। এ সরকার চায় যত তাড়াতাড়ি সম্ভব ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করতে।’
গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও কূটনীতিক সম্পর্কে নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় হাদি হত্যাকান্ড ও বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিচার হচ্ছে এমন একটা জিনিস যেটা তাড়াহুড়ো করার সুযোগ নেই। অবশ্যই আমরা বিদেশে হাদি হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা খবর পেয়েছি তারা বিদেশে পার হয়ে গিয়েছি।’
হাদি হত্যার পলাতক আসামি গ্রেপ্তান নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সুনির্দিষ্ট জায়গা যদি আইডেন্টি করতে পারতাম, তাহলে ভারতকে বলতে পারতাম সে অমুক জায়গায় রয়েছে, ফেরত দিন। এমননিতেই ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। দেখা যাক আমরা কতটুকু এগোতে পারি। বিচার প্রক্রিয়ার বিষয়টি সময়ের সীমাবদ্ধ থাকে না। টাইম নির্ধারণ করে বিচার হতে পারে না। ইতিমধ্যে হাদি হত্যার চার্জশিট দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ তার দায়িত্ব পালন করবে, পাশাপাশি সরকারের চেষ্টা থাকবে, অপরাধীদের বিচারে সম্মুখীন করা। যাতে শাস্তি দেওয়া যায়।
এরআগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকার কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ নুর মোহাম্মদ ডিপজল, সজল মোল্লা ও রিয়াজুল ফরাজীর কবর জিয়ারত করেন ও শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।