দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক হিন্দু বাড়িতে রাতে চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ (৩০) দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত শনিবার রাত সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল রবিবার সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির এজাহার দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার এম এ তাফসীর হাসান (৩৩) ও ভরড়া গ্রামের মঞ্জুর আলম (৩৬)। গ্রেপ্তারকৃত তাফসীর হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তাফসীর হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তিনি তা দাখিল করেননি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীসহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত ৮টায় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরে রাত সাড়ে ৯টায় আসামিরা হাতে লোহার পাইপ, স্টিলের তৈরি লাঠিসহ বাড়ির সামনে এনে ডাকাডাকি করে। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেয়। এ সময় বাড়ির গেট খুলে দিলে তারা বাড়ি প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজা শুরু করে ও আসবাবপত্র উল্টাপাল্টা করতে থাকে। একপর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে হুমকি প্রদান করে বলে ‘তোর স্বামীকে বের করে দে। না দিলে তোর ট্রাংকের চাবি দে। নচেৎ তোমাদের সবাইকে মারিয়া ফেলিব।’
এ সময় পরিবারের লোকজনদের বিবাদীরা বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে। এ সময় তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটক দুজনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রাতে তাদের স্থানীয়রা থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের তৈরি লাঠি, ভিডিও রেকডিং ছোট ক্যামেরাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।