সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শিপু (৫৪) কারাগারে মারা গেছেন। তিনি গাজীপুর মহানগরের টঙ্গীর গোপালপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
কারা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ বন্দি মৃত্যুদ-প্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শিপু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহিদুল ইসলাম শিপু দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সকালে তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ২০০৪ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন শিপু। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।