ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপে নিবন্ধনের সময় শেষ হয়েছে। গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলে। এদিন রাত সাড়ে আটটা পর্যন্ত দেশে ও প্রবাসে ১৫ লাখ ১৯৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৫৫ হাজার ৬১০ জন। নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫৮১ জন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করতে পারছেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এসব নিবন্ধিত ভোটাররা।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশেই নিবন্ধন করেছেন ৭ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার নিবন্ধন করেছেন ৫ লাখ ৪২ হাজার ২২০ জন। নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭৬৯। সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ২ লাখ ৩৫ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৩ হাজার ৮৮৮, নারী ১ হাজার ৮৪৭। এ ছাড়া দেশটিতে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ১ হাজার ৬১০ জন।
এর মধ্যে মালয়েশিয়া থেকে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৫০৯, কাতারে ৭৫ হাজার ৩১৪ , ওমানে ৫৩ হাজার ৮৭১, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৬ হাজার ২৮২, কুয়েত থেকে ৩৫ হাজার ৩৩, যুক্তরাজ্য থেকে ৩২ হাজার ১০০, যুক্তরাষ্ট্র ৩০ হাজার ৯৭৫, ইতালি ২৪ হাজার ১১৬, বাহরাইন থেকে ১৯ হাজার ৪১০, সিঙ্গাপুর থেকে ১৮ হাজার ৯৪, কানাডা ১৪ হাজার ৬৩৮, দক্ষিণ কোরিয়া থেকে ১১ হাজার ৬৯৯, অস্ট্রেলিয়া থেকে ১১ হাজার ১৪০, মালদ্বীপ ৯ হাজার ৩২, জাপান ৮ হাজার ৮৭৪, ফ্রান্স ৮ হাজার ৩২৮, পর্তুগাল ৮ হাজার ১৫০, জার্মানি ৫ হাজার ৯৯৫, দক্ষিণ আফ্রিকা ৫ হাজার ৪২৮ জন।
এছাড়া স্পেন, ফিনল্যান্ড, পোল্যান্ড, চীন, সুইডেন, আয়ারল্যান্ড, ব্রুনাই, ডেনমার্ক, গ্রিস, নিউজিল্যান্ড, তুরস্ক, মিসর, রোমানিয়া, সাইপ্রাস, মরিশাস, ইরাক, নেদারল্যান্ডস, মোজাম্বিক, লিবিয়া, বেলজিয়াম, কিরগিজস্তান, অস্ট্রিয়া, ব্রাজিল, রাশিয়া, ভারত, হংকং, কম্বোডিয়া, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, জর্ডান, লিথুয়ানিয়া, মাল্টা, লেবাননের প্রবাসী বাংলাদেশিরা আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেন।
গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। তফসিল ঘোষণার এক সপ্তাহের মধ্যেই নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর ভোটাররা নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই পূরণ করা ব্যালট ফিরতি ডাকযোগে পাঠানো যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ফেরত পাঠাতে হবে; সময়মতো ব্যালট পৌঁছাতে ব্যর্থ হলে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না।
ব্যালট পেপারে নৌকা প্রতীক বাদে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১১৮টি প্রতীক থাকবে। পাশাপাশি ‘না’ ভোট দেওয়ার অপশনও রাখা হয়েছে। ভোটাররা ডিজিটাল প্ল্যাটফর্মে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে পোস্টাল ব্যালটে পছন্দের প্রার্থীর পাশে টিক চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।