সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পেছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে। সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে।’
গতকাল সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার স্মরণে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে সবাই মিলে আসুন আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ ১৯৭১ সালে যার জন্য যুদ্ধ করেছিলাম, ১৯৯০ সালে যার জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য, ২০২৪ সালে যার জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবেই আমাদের নেত্রীর প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে।’
বিএনপি চেয়ারপারসনের ওপর ফ্যাসিস্ট সরকারের নিপীড়ননির্যাতন, মিথ্যা সাজানো মামলায় কারাবাসসহ নানা ঘটনা তুলে ধরে বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা কবি আল মাহমুদের কবিতা পাঠ করে শুনান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘সত্যিকার অর্থেই একটি জাতিকে তিনি (খালেদা জিয়া) জাগিয়ে তুলেছিলেন, একটি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা আশা করি, তার এই চলে যাওয়া আমাদের নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্য মাধ্যমে বাংলাদেশের এক নতুন ভবিষ্যৎ নির্মাণ করব।
গণতন্ত্রের প্রতি, দেশের উন্নয়নের প্রতি, জনগণের কল্যাণের প্রতি খালেদা জিয়ার একাগ্রতার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব।
আইসিসির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ ব্যবসায়িক নেতারা বক্তব্য রাখেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।