তারেক রহমানের সঙ্গে বৈঠক

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের বড়সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তের কথা তারেক রহমানকে জানিয়েছে প্রতিনিধিদলের সদস্যরা।’

ইইউর প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে এসেছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কী ধরনের ভূমিকা থাকতে পারে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানতে চেয়েছেন এবং নির্বাচন শেষ হওয়ার পরে এদেশের উন্নয়নে কী ভাবনা-চিন্তা সে বিষয়েও মতামত নিয়েছেন।’

নজরুল বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন, আসন্ন নির্বাচনটা যত দ্রুতসম্ভব সম্পন্ন করার দাবিটা বিএনপিরই ছিল। নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য বিএনপির যে আগ্রহ তিনি তা ইইউ প্রতিনিধিদলের কাছে ব্যক্ত করেছেন। তিনি এটাও বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। ভোট দিতে পারেননি। তারা অধীর আগ্রহে আছেন ভোট দেওয়ার জন্য। একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে দেশের মানুষ তাদের মনের যে ইচ্ছা বা আকাক্সক্ষা ভোট দেওয়ার মাধ্যমে প্রকাশ করবেন।’

নির্বাচনে বিএনপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং এর জন্য যা যা প্রস্তুতি নেওয়ার তা সম্পন্ন করেছে বলে জানান নজরুল।

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের উন্নয়নের যে অংশগ্রহণ বা অবদান তার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আশা করেছেন আগামী দিনে ইউরোপীয় ইউনিয়ন যেন তাদের সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেন। তারাও আশ্বস্ত করেছেন, আরও বেশি করে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

তিনি জানান, ‘তারেক রহমান দেশের শ্রমিকদের অধিকারের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছেন। তিনি (তারেক রহমান) বলেছেন, শ্রমিকদের কল্যাণে বাংলাদেশে বিএনপি সরকারই সবচেয়ে বেশি কাজ করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকারের আমলেই শ্রমিকদের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে। শ্রম আইনের কল্যাণে যা হয়েছে এবং শ্রমিকদের উন্নয়নে যা করা হয়েছে বিএনপি সরকারের আমলেই করা হয়েছে।’

এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন উপস্থিত ছিলেন।