মানারুশ শারক্ব মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মানারুশ শারক্ব মাদ্রাসা প্রাঙ্গণে গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও আন্তর্জাতিক সেমিনার। এই আয়োজনের একদিকে ছিল সোনালি অতীতে ফিরে যাওয়ার আনন্দ, অন্যদিকে ছিল আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন শপথ। দাওয়াতের ময়দানে তথ্য-প্রযুক্তির বিপ্লব ঘটানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সেমিনার উপস্থিত সবার  সামনে উন্মোচন করেছে সম্ভাবনার নতুন দিগন্ত।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা শারাফাতুল্লাহ নদভীর সভাপতিত্বে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ‘দাওয়াতের ক্ষেত্রে আধুনিক তথ্য-প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহাফ গার্ডের কো-ফাউন্ডার ও সিইও মো. নিজাম উদ্দিন। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন কাহাফ গার্ডের কো-ফাউন্ডার ও সিটিও ওমর আল জাবের।

এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন দারুল আরকামের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ আজহারী, আব্দুর রহিম আজহারী, মাওলানা আরিফ আজহারী, মাওলানা বেলাল নদভী প্রমুখ। সেমিনার শেষে মাদ্রাসার প্রাক্তন কৃতী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন।

দ্বিতীয় পর্বে মাওলানা শারাফাতুল্লাহ নদভী শিক্ষা কমপ্লেক্স, রুস্তমপুর, আশুলিয়ায় আগত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় অতিথি ও শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা শারাফাতুল্লাহ নদভী তার ভবিষ্যৎ শিক্ষাবিষয়ক পরিকল্পনা তুলে ধরেন এবং দেশের শিক্ষাব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সবার নিকট দোয়া কামনা করেন।

পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন মানারুশ শারক্ব মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুফতি রুহুল আমিন নোমানী।