হবিগঞ্জ-১ আসন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

সদ্য বিএনপিতে যোগ দেওয়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সায়দুর রহমান গতকাল বুধবার এই শোকজ নোটিস জারি করেছেন। আগামী ১৪ জানুয়ারির মধ্যে চিঠির লিখিত জবাব চাওয়া হয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে এবং ৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে পাঞ্জারাই বাজারে কর্মী-সমর্থকদের সঙ্গে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ দেওয়া হয় সহকারী রিটার্নিং অফিসার ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডের বাসিন্দা জিতু মিয়া সেন্টু এবং মধ্য বাজার এলাকার বাসিন্দা মসফিকুজ্জামান চৌধুরী নোমান ওই প্রচারণার দুটি করে ছবিসহ অভিযোগ দাখিল করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে শোকজ নোটিস জারি করা হয়েছে।

শোকজের নোটিসে বলা হয়েছে, অভিযোগগুলো প্রাথমিকভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না। এ মর্মে নোটিসের মাধ্যমে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

শোকজ নোটিসের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বের সে ঙ্গ যাচাই করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।