আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইইয়াবস। তিনি বলেন, ‘ইইউ পর্যবেক্ষক দল পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। তারা শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও কাজ করবেন।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ইভার্স ইইয়াবস বলেন, আমরা এসেছি সহায়তা করার জন্য। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই নির্বাচন পর্যবেক্ষণ করব। আমরা মাত্র আমাদের কাজ শুরু করেছি। আমাদের একটি দল আছে, যারা পুরো নির্বাচন প্রক্রিয়ার শেষ পর্যন্ত কাজ করবে। পরে তারা একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে।
তিনি আরও বলেন, কমিশন নির্বাচন আয়োজনের প্রক্রিয়া ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেছে। একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়াকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে ।
তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন এসব চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবিলা করতে সক্ষম হবে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে ডেপুটি চিফ অফ অবজারভার ইনতা লেসি, লিগ্যাল এনালিস্ট আইরিনি-মারিয়া গৌরানী ও ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসঙ্ক উপস্থিত ছিলেন।