চৌদ্দগ্রামে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে সিংরাইশ যুবসমাজের উদ্যোগে আয়োজিত ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বাংপাই ফুটবল একাদশ ট্রাইবেকারে (পেনাল্টি শুটআউট) ডাকরা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সিংরাইশ ফুটবল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মোহাম্মদ নাহিদ বলেন, খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে ওঠে। যুবসমাজকে মাদক ও অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত পরিবেশে সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ তা সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এ জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে জাতীয়তা, আত্মীয়তা ও বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয়। প্রয়াত প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের স্বপ্নের চৌদ্দগ্রাম গড়ে তুলতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁর স্লোগান—‘চৌদ্দগ্রামের জনতা, গড়ে তোল একতা’—বাস্তবায়নই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদ পাটোয়ারী, উপজেলা যুবসংহতির আহ্বায়ক কাজী মোহাম্মদ সহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জসীম উদ্দিন মুহুরী, ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক নূরুল হক নুরুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।