আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ হানিফ নামে এক স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত হানিফ স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রবিবার ১১ জানুয়ারি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কয়েকজন সদস্য গুলি ছুড়তে ছুড়তে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। পরে তারা মিয়ানমারের দিকে ফিরে যাওয়ার সময় সীমান্তবর্তী বাংলাদেশ অংশে মাইন পুঁতে রেখে যায় বলে অভিযোগ স্থানীয়দের।

পরদিন আজ সকালে নিজ মালিকানাধীন চিংড়ি ঘের দেখতে গেলে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ হানিফ গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।

এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা আজ সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। একই সঙ্গে সীমান্ত রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীর দায়িত্ব পালনে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।

স্থানীয়দের এই কর্মসূচির পেছনে রবিবারের আরেকটি ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওইদিন আরাকান আর্মির গুলিতে হুজাইফা নামের এক শিশু আহত হয়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

সীমান্তবর্তী এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।