দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র আপিলের পরও নামঞ্জুর করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে তার আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেন ফজলুল হক। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানান। তার দাবি, গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
কিন্তু মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করা হলেও তার পক্ষে কোনো নথিপত্র দেওয়া হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিকভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিলে একই কারণে চূড়ান্তভাবে তার মনোনয়ন নাকচ হলো।
