চট্টগ্রামের চন্দনাইশে এলডিপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (১১ জানুয়ারি) দোহাজারি পৌরসভায় আনুষ্ঠানিকভাবে ২০০-এরও বেশি এলডিপি নেতাকর্মী বিএনপিতে অভ্যন্তরীণ অন্তর্ভুক্তি সম্পন্ন করেন।
নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘ধানের শীষের পক্ষে গণজোয়ার এসেছে বুঝতে পেরে এলডিপি নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিতে শুরু করেছেন। আরও যোগদান হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানকে এই আসন উপহার দিতে হবে।’
দোহাজারির রূপনগর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে মিছিল, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন সমন্বয়কারি এম এ হাশেম রাজু, বিএনপি নেতা এডভোকেট নাজিম উদ্দিন, নুরুল ইসলামসহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।