গভীর রাতে হাসপাতালে আশ্রয় দম্পতির

স্বামীকে ভয় দেখিয়ে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ

নারায়ণগঞ্জ থেকে নিজের ব্যাটারিচালিত ভ্যানে করে স্ত্রীকে নিয়ে গতকাল রবিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এক যুবক। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে ভ্যান গাড়িটি অচল হয়ে যায়, তখন রাত ২টা। গভীর রাতে একদিকে অচল গাড়ি, অন্যদিকে শীত আর নিরাপত্তা শঙ্কার কারণে যুবকটি তার স্ত্রীকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যান মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে। কিন্তু সেখানে কর্মরত দুই আনসার সদস্য তাকে ভয়ভীতি দেখিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই তরুণীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

গতকাল সোমবার দুপরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত রবিবার রাত ২টার ভ্যানগাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যান। এরপর হাসপাতালের নতুন দশতলা ভবনের নিচতলায় স্বামীকে ভয় দেখিয়ে আটকে রেখে ওই ভবনের দোতলায় তরুণীকে নিয়ে যান। সেখানে তারা পালাক্রমে ধর্ষণ করেন তাকে। পরে ভুক্তভোগী তরুণী নিচতলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানান। তখন তারা হাসপাতালের রোগীর স্বজনদের সহায়তায় থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্তদের শনাক্ত করেন। পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

হাসপাতালে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মেয়েটি যেন সঠিক চিকিৎসা পায়, সে বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।

জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে সহকারী কমান্ডার বলেন, ‘আমরা বিষয়টি ওপরের স্যারদের জানিয়েছি। অভিযুক্তরা পুলিশ হেফাজতে রয়েছে।’

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছে।