রৌমারী সীমান্তে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। গত রবিবার রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর কাছাকাছি এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২- এর কাছাকাছি এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি-চক্র সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে যায়।

এ সময় ভারতের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। চোরাকারবারি-চক্রের অন্য সদস্যরা সরে গেলেও মিস্টার আলী নামে এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো উত্তর দেয়নি।