গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক মাদরাসা শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেওয়ার দাবি করেছেন ভুক্তভোগী।
গত সোমবার দিবাগত মধ্যরাতে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মাদরাসা শিক্ষক জয়নাল আবেদীন এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, সোমবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বাইরে যান। পরে ঘরে ঢোকার সময় ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের দড়ি দিয়ে বেঁধে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও ব্যাগে থাকা নগদ অর্থ, স্মার্টফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের লোকজনের ডাকচিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য শামীমা সুলতানা জানান, জয়নাল আবেদীন তার আত্মীয় এবং তিনি বিন্দুবাড়ী গাউসুল আজম সিনিয়র মাদরাসার একজন সিনিয়র শিক্ষক। ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী জানান, ঘটনাটি ডাকাতি নাকি চুরির ঘটনা- তা তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন, পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছে এবং দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।