রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

রাজধানীর পশ্চিম রাজাবাজার নিজ বাসায় জামায়াতে ইসলামীর একজন নেতা খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে শেরেবাংলা নগর থানা-পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরেবাংলা নগর পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি ও রোকন ছিলেন।

নিহত আনোয়ার উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। তিনি স্ত্রী নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, সোমবার রাত আড়াইটার দিকে পশ্চিম রাজাবাজারের ৫৮/১ নম্বর বাসার দোতলার ফ্ল্যাটে একদল দুর্বৃত্ত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ওই সময় আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা ও মুখ কাপড় দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। এরপর তার বাসায় থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরে আনোয়ার উল্লাহর স্ত্রী কোনোরকমে নিজের বাঁধন খুলে একই বাসার তৃতীয় তলায় বসবাসরত মেয়ের জামাতাকে মোবাইল ফোনে কল করে পুরো ঘটনা জানান। মেয়ের জামাতা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এ সময় আনোয়ার উল্লাহকে অচেতন অবস্থায় দেখে তাকে স্থানীয় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। তাদের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, তাদের ধারণা, চুরির উদ্দেশ্যে এসে দুর্বৃত্তরা আনোয়ার উল্লাহর মুখে কাপড় গুঁজে বেঁধে রাখায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বাসার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানা পুলিশের পাশাপাশি পুলিশের অন্য বিশেষ ইউনিটও এ ঘটনার তদন্তে কাজ করছে।