কুমিল্লার মুরাদনগরে একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি হাইওয়ে পুলিশের লুণ্ঠিত চাইনিজ রাইফেল বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জেলার মুরাদনগর উপজেলার লাজৈর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। র্যাব-১১-এর একটি দল মুরাদনগর থানার লাজৈর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সড়কের পাশে একটি ডোবা থেকে কসটেপে মোড়ানো অবস্থায় দুটি অস্ত্র উদ্ধার করা হয়।
সাদমান ইবনে আলম বলেন, উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি হাইওয়ে পুলিশের চাইনিজ রাইফেল রয়েছে। এটি জুলাই অভ্যুত্থান আন্দোলনের সময় পার্শ্ববর্তী ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুণ্ঠিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মুরাদনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।