শান্তিচুক্তিতে ইউক্রেন বাধা নয় : জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, মস্কো-কিয়েভের শান্তিচুক্তিতে বাধা দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেছেন, শান্তির পথে ইউক্রেন কখনোই বাধা ছিল না এবং ভবিষ্যতেও হবে না। গত বৃহস্পতিবার রাতে এক ভিডিও ভাষণে এমনটাই দাবি করেছেন তিনি। জেলেনস্কি বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে টেলিফোনে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেছেন, আমেরিকার সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও কথা হয়েছে। ইউক্রেন কখনো শান্তির প্রতিবন্ধক ছিল না, হবেও না। এর আগে বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেন শান্তিচুক্তিতে যেতে কম প্রস্তুত। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের সমাধান কেন হয়নি এমন প্রশ্নে তিনি সরাসরি ‘জেলেনস্কিকে’ দায়ী করেছেন।

জেলেনস্কি পাল্টা মন্তব্যে বলেছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাশিয়ার অব্যাহত হামলাই প্রমাণ করে, মস্কো শান্তি চায় না।