যুব বিশ্বকাপে হ্যান্ডশেক করলেন না বাংলাদেশ ও ভারতের অধিনায়ক

যুব বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর আগে রাজনৈতিক কারণে জাতীয় দল থেকে বয়সভিত্তিক পর্যায়ের টুর্নামেন্টে টসের পর পাকিস্তানের অধিনায়কদের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়কেরা। এবার ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তাপের আঁচ দেখা গেল ২২ গজে।

বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। শনিবার বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। একে অপরকে এড়িয়ে গেছেন। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় তৈরি হতে পারেননি। তাই তিনি টস করতে পাঠান সহ-অধিনায়ক জাওয়াদ আবরারকে।

জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। তবে কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হলো না- সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে। তবে কাশ্মীর হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত ছিল ভারতের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার রাজনৈতিক উত্তেজনাও প্রকট হয়ে উঠেছে। এরই নেতিবাচক প্রভাব পড়েছে ক্রিকেটে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে ‘নিরাপত্তা শঙ্কায়’ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ রাখা হয়েছে ভারতের মাটিতে। ভেন্যু পরিবর্তনের দাবির মীমাংসা করতে আইসিসির একজন প্রতিনিধির আজ ঢাকায় আসার কথা।