সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পিরোজপুরের কাউখালীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পাঁচ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দীন মোহাম্মদসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো কারও সঙ্গে আপোষ করেননি। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।
দোয়া মাহফিল শেষে পাঁচ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।